দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সরকার সাত দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাই না, শান্তির পক্ষে আছি। তবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হলে বিরোধী দল বসে বসে আঙুল চুষবে না। ভালোয় ভালোয় সাত দফা দাবি মেনে নিন, অন্যথায় এক দফার আন্দোলনে যেতে হবে।শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা রাস্তায় নামতে চাননি। সংসদের ভেতরেই সাত দফা দাবির নিষ্পত্তি চেয়েছিলেন। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। দেশের ৭০ শতাংশ মানুষকে সম্মান করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংসদে যাইনি। এক দলকে তাড়িয়ে আরেক দলকে গদিতে বসানোর জন্য জনগণ ম্যান্ডেট দেয়নি। আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত এমনি এমনি দেয়নি। তারা সিস্টেম পরিবর্তনের জন্য জীবন দিয়েছে।রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াতের আমীর বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও এর ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটবে। রাজনীতির সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাঁরা দেশে ভদ্রতা ও নীতিনিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।তিনি আরও বলেন, সরকার সাত দফা দাবি মেনে নিলে এক দফার আন্দোলনের প্রয়োজন হবে না। তাঁরা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। জনগণের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে।পথসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় কর্নেল অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, মোস্তাফিজুর রহমান ইরান, তারেক রেজা, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি জাহিদুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াদুল ইসলাম বক্তব্য দেন। এর আগে বিকেল থেকেই ঝিনাইদহ শহরের সড়কের দুই পাশে লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীও ছিলেন। রাতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে জামায়াতের আমীর পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব। পথসভা শেষে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান
🔒