দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

ধর্ম

জুড়ীতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, ৭৭ মণ্ডপে উৎসবের অপেক্ষা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গার প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন প্রতিমা তৈরির কারিগররা। বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, আবার কোথাও চলছে রং, সাজসজ্জা ও অলংকরণের কাজ। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে সূক্ষ্ম কারুকাজ ও সাজসজ্জার কাজ শেষ করতে এখনো ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর দাস জানান, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে জায়ফরনগর ইউনিয়নে ১২টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, ফুলতলা ইউনিয়নে ১১টি সার্বজনীন, গোয়ালবাড়ী ইউনিয়নে ১০টি সার্বজনীন ও একটি ব্যক্তিগত, সাগরনাল ইউনিয়নে ৯টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত, পূর্বজুড়ী ইউনিয়নে ছয়টি সার্বজনীন এবং পশ্চিমজুড়ী ইউনিয়নে ২৩টি সার্বজনীন ও দুটি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। গত বছরের তুলনায় এবার উপজেলায় ১০টি সার্বজনীন পূজামণ্ডপ বেড়েছে। প্রচলিত পঞ্জিকামতে, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় এবং বিজয়া দশমীতে তাঁর গমন হবে নৌকায়। পঞ্জিকাভেদে দেবীর আগমনের বাহন নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও নৌকায় গমনের বিষয়টি উভয় পঞ্জিকাতেই উল্লেখ রয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব।

জুড়ীতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, ৭৭ মণ্ডপে উৎসবের অপেক্ষা
🔒