দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

হরিরামপুরে সড়ক কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, ৩ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় চলাচলের একমাত্র সড়কটি অচল হয়ে পড়েছে। সরকারি প্রকল্পের মাটি ভেকু দিয়ে সরিয়ে দেওয়া এবং প্রবেশমুখে খুঁটি পুতে প্রতিবন্ধকতা তৈরি করায় তিনটি গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ এখন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।​স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় উত্তর চাঁদপুর এলাকার এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চাল দিয়ে সড়কে মাটি ফেলা হলেও পরবর্তীতে ব্যক্তিগত জমির দাবি তুলে এক প্রভাবশালী ভেকু দিয়ে ফেলা মাটি সরিয়ে নেন। এতে সড়কের একাংশ আশপাশের জমির সঙ্গে মিশে নিচু হয়ে যায়। এছাড়া সড়কের প্রবেশমুখে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে চলাচলের পথ আরও সংকুচিত করা হয়েছে।​ফলাফলে রতনদিয়া, উত্তর চাঁদপুরসহ আশপাশের তিন গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও রোগীরা পড়েছেন চরম বিপাকে। বিকল্প পথ না থাকায় জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারে তোলা অসম্ভব হয়ে পড়েছে। বর্ষার কাদা ও জলাবদ্ধতায় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে।​এলাকাবাসীর দাবি: “আমাদের চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। দ্রুত সময়ের মধ্যে সড়কের অবরুদ্ধ অংশ উন্মুক্ত করে মাটি ভরাট ও সংস্কার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বসে স্থায়ী সমাধান করুক।”​অভিযুক্তদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া না গেলেও চালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফফার জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তিন গ্রামের মানুষের চলাচলের পথটি পুনরায় সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।​এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সরকারি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করবে এবং জনদুর্ভোগের অবসান ঘটাবে।

 হরিরামপুরে সড়ক কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, ৩ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ
🔒