দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম, একই গ্রামের আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান এবং নীরব শেখ।পুলিশ জানায়, গ্রেফতার যুবকরা দীর্ঘদিন ধরে 'চাঁদপুরের ইলিশসহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো। ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি। এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি।দীর্ঘদিন নজরে রাখার পর বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন পুলিশ নজরদারি করে আসছে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
🔒