উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদকঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিনা মূল্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিনিয়র প্রভাষক মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি প্রবীর কুমার এবং কোটচাঁদপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যজোটের পৌর সভাপতি শান্তি বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে এসব শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশাও তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি মানবিক প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।