উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নৈতিকতা এবং সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। শুক্রবার জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
খুতবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে, ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়াকে প্রযুক্তির অপব্যবহারের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কোরআনের নির্দেশনার আলোকে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।
বর্তমানে সংবাদ প্রচার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কথা জানিয়ে খুতবায় সত্যনিষ্ঠা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। প্রযুক্তির অগ্রগতির এই সময়ে তা যেন প্রতারণা ও অপতথ্য ছড়ানোর মাধ্যম না হয়, সে জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।