উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সে সময় সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সংগঠন দুটি তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।