উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) কোটচাঁদপুর কেন্দ্রীয় শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি দিবস চন্দ্র সিংহসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতারা তাঁদের বিভিন্ন বিষয় ও মতামত তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সবার সম্মিলিত উদ্যোগে নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি দৃঢ় করারও একটি উপলক্ষ। তাই উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নিরাপত্তা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।