উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তরুণ আলেমদের উদ্দেশে বলেছেন, রাজনৈতিক দলগুলো ভোটের সময় আলেমদের ব্যবহারের চেষ্টা করে। তাই আলেমদের অন্যের রাজনীতির ঘুঁটি না হয়ে নিজস্ব রাজনীতি ও সক্ষমতা তৈরির দিকে মনোযোগী হতে হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘তুরাস’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি আলেমদের পেশাগতভাবে বহুমুখী হতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের মূলধারার পেশায় যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলেমদের নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে দায়িত্বশীল ভূমিকা পালন এবং পরমতসহিষ্ণুতার চর্চা বজায় রাখার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ।