উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই বার্তা দিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং ১৩ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।