উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন, এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্য জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এক অনুষ্ঠানে প্রশাসক দাবি করেন, অটোরিকশা আন্দোলনের পেছনে ওই নেতার স্বার্থ রয়েছে। তার এই মন্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে জনগণ তথ্যনির্ভর বক্তব্য আশা করে। কোনো নেতার বিরুদ্ধে ৭০০ অটোরিকশার মতো গুরুতর অভিযোগ তোলার আগে তার সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করা উচিত।
জামায়াত দাবি করেছে, প্রশাসক যদি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে তাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। অটোরিকশা সংক্রান্ত সমস্যাগুলো আবেগের চেয়ে বাস্তবসম্মত ও যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছে দলটি।