উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাতে দেশে ফের এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করেছে একটি সিন্ডিকেট চক্র। পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ এই সংকট এবং নির্ধারিত দামের চেয়ে হাজার টাকা বেশি মূল্যে গ্যাস বিক্রির বিষয়টি বাজার কারসাজির বহিঃপ্রকাশ।
গোয়েন্দা তথ্যানুযায়ী, অনেক আমদানিকারক ও অপারেটর চাহিদামতো গ্যাস আমদানি করেও ট্যাংকারে মজুত রাখছে অথবা সাগরে জাহাজ ভাসিয়ে রেখে বাজারে জোগান কমিয়ে দিচ্ছে। অসাধু ব্যবসায়ীদের এই কর্মকাণ্ড সরাসরি সামাজিক ও অর্থনৈতিক অপরাধের শামিল, যা সাধারণ মানুষের জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে।
৯৮ শতাংশ এলপিজি সরবরাহের ভার গুটিকয়েক বেসরকারি কোম্পানির হাতে থাকায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এনার্জি রেগুলেটরি কমিশন ও জ্বালানি বিভাগকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিতে হবে।
বাজারের নিয়ন্ত্রণ যাতে গুটিকয়েক অপারেটরের হাতে জিম্মি না থাকে, সেজন্য সরকারি উদ্যোগে এলপিজি আমদানি ও বিপণন বাড়ানোর বিকল্প নেই। জ্বালানি খাতের এই অস্থিতিশীলতা রোধে সরকারকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, কারণ এটি সার্বিক মূল্যস্ফীতি ও জনঅসন্তোষের অন্যতম প্রধান কারণ।