উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গৈড়লারটেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তাসপিয়া বাঁশখালীর দিনমজুর আবু হানিফের মেয়ে এবং তারা বর্তমানে গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা মহাসড়ক পারাপারের সময় শিশুটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে লেগুনাটি উল্টে গিয়ে শিশুটির মৃত্যু হয় এবং আরও তিনজন যাত্রী আহত হন। আহতরা হলেন মো. ইকবাল (৩০), মো. হাবিব (৪৫) ও আজগর আলী (১৭), যাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।