উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি এবং অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের আবু সাঈদ মো: রওশানুল হক ও জনতা ব্যাংকের মো: আব্দুল মতিনকে নিজ নিজ ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
কৃষি ব্যাংকের আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের মো: ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকের ডিএমডি এবং শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
অগ্রণী ব্যাংকের শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি এবং বেসিক ব্যাংকের মো: হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো: জামান মোল্লা ও মো: সাফায়াত হোসেন পাটোয়ারীকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।