উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁরা এই মুক্তি লাভ করেন।
বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি আজ মুক্তি পাননি। মুক্তি না পাওয়া ওই ব্যক্তি জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অবস্থিত একটি দোকানের কর্মচারীর বাবা। এ ছাড়া অপর দুই নেতার জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন আগামী ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে পুলিশ ২৮৯ জনকে আটক করে। পরবর্তীতে তাঁদের মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কার্যালয়ের ভেতরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিলেন।
ঘটনার বিষয়ে জাসদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ডিএমপির অনুমতি নিয়েই ওই কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সারা দেশ থেকে আসা চার শ নেতা-কর্মী ওই সভায় অংশ নেন এবং এক পর্যায়ে সেখানে হামলা চালানো হয়। পরে পুলিশ এসে কার্যালয় ঘেরাও করে নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায় এবং যাচাই-বাছাই শেষে অন্যদের ছেড়ে দেয়।