উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বৃষ্টির প্রভাবে সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নিতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে মাইজদীকোর্ট ও রামগতিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ এবং সিলেটে সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।