উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে বলে সম্পাদকীয় প্রকাশ করেছে ‘দ্য হিন্দু’ পত্রিকা। ভোটার তালিকায় সুপরিকল্পিতভাবে এবং ছক কষে কোটি কোটি নাম বাদ দেওয়া হয়েছে বলে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের প্রথম পাতায় এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের দুই সদস্য গত ১০ মাসে ১৪টি ইমেল পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে এবং ক্যাবিনেট সেক্রেটারির কাছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা যোগ করার প্রক্রিয়া থেকে বাকি দুজন নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন। সমস্ত ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত করে জ্ঞানেশ কুমার নিজের ইচ্ছামতো কাজ করছেন এবং বাকি দুই কমিশনারের কোনো আপত্তিই কানে নিচ্ছেন না। বিকেন্দ্রীকৃত ব্যবস্থাকে কীভাবে একেবারে কেন্দ্রীভূত করা হলো এবং কীভাবে ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ল, তা নিয়ে তারা চিঠিতে আপত্তি জানিয়েছেন।
২০২৩ সালে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি গঠিত হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার ২০২৩ সালে নতুন আইন এনে প্রধান বিচারপতিকে সরিয়ে সেখানে একজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীকে বসিয়েছে। এর ফলে নির্বাচন কমিটির মধ্যে সরকারের সংখ্যাগরিষ্ঠতা দুই ও একের অনুপাতে দাঁড়িয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।