উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কয়টি ধাপে এবং কোন ধাপ কবে হবে, সেদিন কমিশনের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, কমিশন শুধু নির্বাচনের সময়সূচি জানাবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি এবং ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের অসুবিধার কথা উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসি আগামী জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু করে মে মাসের মধ্যে তা শেষ করতে চায়। ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার আগেই তিন থেকে চারটি ধাপের নির্বাচন সম্পন্ন করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার কমিশনের বৈঠকেই গৃহীত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার পরপরই রাজনৈতিক সংলাপ শুরু হবে। ধারাবাহিকভাবে এখন সব কাজ চলতে থাকবে বলে তিনি উল্লেখ করেন।