উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয় রসিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে কালাবিবির দিঘী এলাকার ‘বিনিময় ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী খোরশেম আলমকে (৪৪) ৪০ হাজার এবং ‘সাদিম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে (২৯) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডারের কেনার রসিদ না রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে ‘জহির স্টোর’-এর স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে (৪০) এবং ‘ইব্রাহিম স্টোর’-এর স্বত্বাধিকারী ইব্রাহিমকে (৫৮) ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার জানান, এলপিজি গ্যাসের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।