উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় ধান চাতালের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন শ্রমিক। ধান চাতালের বয়লার বিস্ফোরণের ঘটনাটি ঘটে বুধবার ৭ অক্টোবর সকালে নওগাঁ জেলা সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকার হাজী ইসারত আলী চাল কল নামে একটি রাইচ মিলের ধান চাতালে। নিহত শ্রমিক আব্দুল খালেক (৪৪) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
জানা যায়, পূর্বের ন্যায় বুধবারও চাল কলের ধান চাতালের বয়লার ড্রামে ধান সিদ্ধের কাজ করছিল শ্রমিকরা। ধান সিদ্ধ করাকালে সকালে হঠাৎ করেই বিকট শব্দে বয়লারের ড্রাম গড়ম পানি সহ বিস্ফোরণ ঘটে। এতে চারিদিক গড়ম পানি ও কালো ধোঁয়ায় ছেয়ে যায়।শ্রমিকরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে স্থানিয় লোকজন ও শ্রমিকরা এগিয়ে এসে প্রথমে চাতালে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত ৪ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। আহত ৪ জন শ্রমিক বর্তমানে নওগাঁ জেলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন বলে জানাগেছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম জানায়, হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতাল গুলোতে আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই। নওগাঁ সদর মডেল থানার এস আই রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারনে এই বিস্ফোরণ ঘটেছে।
নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবার তথা স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ।