উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এক বয়স্ক যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৬৫ বছর বয়সী মাসুমা খাতুন নামে ওই যাত্রী হিরোইনের চালানটি নিয়ে যশোর থেকে ঢাকায় আসছিলেন এবং উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। মঙ্গলবার ৭ অক্টোবর রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেসে’ তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিএনসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজের মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনায় তিনি হেরোইনের চালান নিয়ে ঢাকায় আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি রেইডিং পার্টি ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় বাসের মাঝের আসনে বসা সন্দেহভাজন এই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা জানিয়েছেন যে তিনি এর আগেও একইভাবে আরও দুবার হেরোইনের চালান নিয়ে এসেছিলেন।
ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই বৃদ্ধার মেয়ে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে আরও যাচাই করে তাহমিনার অবস্থান শনাক্ত এবং তাকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। মাদক কারবারে বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন ডিএনসি কর্মকর্তারা।