উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় জানাতে প্রস্তুত দেশের লাখো সমর্থক। এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে বিদায়ী ম্যাচের প্রস্তুতিটা স্মরণীয় করে রাখল আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬২তম দলটির বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে প্রথমার্ধেই পাঁচ গোল করে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর রিবাউন্ড থেকে গোল করে জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল পূর্ণ করেন লাউতারো মার্তিনেজ। এর মাধ্যমে তিনি সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। এরপর মুমুনি দিয়ালোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
নিকো পাস দলের পক্ষে চতুর্থ গোলটি করার পর পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। বদলি হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ম্যাচের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সপ্তম ও শেষ গোলটি যোগ করেন জিউলিয়ানো সিমিওনে। বলিভিয়ার বিপক্ষে চার গোলের জয় পাওয়ার পর বুরকিনা ফাসোর বিপক্ষেও এই বড় জয়ে দারুণ আত্মবিশ্বাসী দল।