উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আদালত থেকে আবার পালিয়ে গেছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। এর আগে একবার পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছিল। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতকক্ষ থেকে কৌশলে পালিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনার পর শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এই মামলার শুনানি ছিল এবং তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আবদুল আলিম।
ডিএমপি প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং নতুন মামলাসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শরিফুলের বাড়ি দিনাজপুরে এবং তার বাবার নাম শফিক আহমেদ। খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তিনি দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ জুন কারাগার থেকে আদালতে আনার পর পুলিশের এক সদস্যকে কামড় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন শরিফুল। ২০১৮ সালে দায়ের করা খিলগাঁও থানার ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ছয় বছর ধরে কারাগারে আটক ছিলেন।