উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষক গড়বেন স্বপ্ন, গড়বেন ভবিষ্যৎ’—এই প্রত্যয় সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন বলেন, “শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। একজন শিক্ষকের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়া নয়; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষকের অন্যতম দায়িত্ব।”
তিনি বলেন, “বর্তমান সময়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে হবে। কোটচাঁদপুরের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মূল লক্ষ্য হতে হবে জ্ঞাননির্ভর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আগামী প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেসার উদ্দীন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আজিজুর রহমান ও পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নত, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে শিক্ষক সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।