উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্ণাঢ্য শোভাযাত্রা, গাইডেড সিটি ট্যুর ও সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬-এর সপ্তাহব্যাপী কর্মসূচি। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের পর্যটন ভবন প্রাঙ্গণে এই উদ্বোধনী কর্মসূচির সূচনা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। শোভাযাত্রার পর বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানোর বিশেষ গাইডেড সিটি ট্যুরের আয়োজন করা হয়।
বাংলাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৩০ সেপ্টেম্বর কূটনীতিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান ও প্রথমবারের মতো ১৩টি বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড প্রদান করা হবে।