উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। নির্বাচন কমিশন আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে বলে তার মনে হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে খরচ হবে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে লাগবে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা। এই দুটি নির্বাচনেই বড় খরচ হবে, তবে ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি কর্পোরেশনে খরচের পরিমাণ অনেক কম। পাঁচটি নির্বাচন শেষ করতে প্রায় ৬ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য হিসাব তারা দিয়েছেন এবং এই পরিমাণ অর্থ দেওয়ার ব্যবস্থা তাদের রাখা আছে।
রমজান মাস, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কারণ এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে, তা আনুষ্ঠানিকভাবে এখনো সরকারকে জানায়নি বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে তিনি বলেন, নির্বাচনের শুরুটা কবে হবে তা নির্বাচন কমিশনই ঠিক করবে এবং এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। চলতি মাসের শেষে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে কমিশন আরেকটি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেখানে তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সরকারের চাওয়া চলতি অর্থবছরের মধ্যেই যেন নির্বাচনগুলো শেষ হয়।