উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন তিনি। উভয় বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
প্রধানমন্ত্রী বৈঠকে জানান যে মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের ওপর দীর্ঘমেয়াদি বোঝা চাপিয়ে রাখার মধ্যে নয়। রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মধ্যেই এই সংকটের প্রকৃত সমাধান নিহিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে জুলি বিশপের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টি আলোচনায় আসে। ২০১৭ সালে মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে সংকটটি দীর্ঘমেয়াদি রূপ নেয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের জোরালো সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ২৩ সেপ্টেম্বর তিনি বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন।