উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘মাতৃসেবা ফার্মেসি’র বিরুদ্ধে গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। এ সময় তারা ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি ফার্মেসির সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব দাবি করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ আগস্ট DBC News, Dhaka Post ও প্রতিদিনের বাংলাদেশে মাতৃসেবা ফার্মেসি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ছড়িয়ে পড়ে। তাদের দাবি, ওই সময় তাদের কাছে টাকা দাবি করা হয়েছিল এবং টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভস্থ শিশুর মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা তাদের বিক্রি করা ওষুধের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্যের কথা উল্লেখ করে তারা বলেন, সেখানে ফার্মেসির মালিকের কোনো দায় নেই বলে উল্লেখ করা হয়েছে।
এ সময় ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় এবং ফটোকপি সরবরাহ করা হয় বলে জানানো হয়।
ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানের বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি অ্যান্টিবায়োটিক সংক্রান্ত অনিয়ম বা অসতর্কতার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পরে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন বলে জানান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, শিশুর মৃত্যুর ঘটনা এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানার ঘটনাকে একসঙ্গে উপস্থাপন করে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ক্রেতা ও রোগীরা ফার্মেসিতে আসা কমিয়ে দিয়েছেন বলেও দাবি করা হয়।
তারা আরও বলেন, তাদের প্রতিষ্ঠান থেকে আসল ও মানসম্মত ওষুধ বিক্রি করা হয়। একই সঙ্গে পূর্বের অসতর্কতার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ ও প্রচারের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।