উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে এই শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অনুষ্ঠানে মহাপরিচালক আহসান হাবীব নতুন আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এগুলো বাস্তবায়ন করা হবে।
বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান মহাপরিচালক। এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।