উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। হাসপাতালে তাসফিয়ার ভাই এনাম আহমেদ জানান, রাতে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর একটি মোটরসাইকেলে চড়ে তার বোন বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহন নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে তাসফিয়া গুরুতর আহত হলে পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এনাম আহমেদ জানান, ঘাতক বাস ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।