উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্ররাজনীতি চলবে না এবং কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর সময়ের অপচয় না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।
ছাত্রদল সভাপতি শিক্ষার্থীদের শুধু বিসিএস বা সরকারি চাকরির পেছনে না ছুটে বেসরকারি খাত, আইটি ও তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খোঁজার আহ্বান জানান। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্যসচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনসহ অন্যান্য শিক্ষাবিদ ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।