উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা ওয়াসার পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণকাজে ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ঢাকা ওয়াসা বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর পূর্তকাজের ভেরিয়েশন প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। ২০১৮ সালের ৮ নভেম্বর চীনের প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে ২২০ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৪৩০ টাকায় কাজটির চুক্তি করা হয়েছিল।
বর্তমানে কাজের পরিধি বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন পড়েছে। অতিরিক্ত ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকাসহ এখন সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৮২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৪ টাকা, যা মূল চুক্তিমূল্যের চেয়ে প্রায় ২৭ দশমিক ৯৮ শতাংশ বেশি।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত নগরায়ণের ফলে প্রকল্পের পাইপলাইনের দৈর্ঘ্য ২০ কিলোমিটার এবং বিভিন্ন আকারের সার্ভিস কানেকশন ও ফিটিংসের সংখ্যা ১৩ হাজার ৯৭১টি বাড়ানো হয়েছে। এছাড়া সড়ক খনন চার্জ, আয়কর, মূল্য সমন্বয় এবং বিজিবি এলাকায় সড়ক কার্পেটিংয়ের ব্যয় বাড়ার কারণে এই ভ্যারিয়েশন প্রস্তাবের প্রয়োজন হয়েছে।
২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদের এই প্রকল্পটি সরকারি অর্থ (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে বাস্তবায়িত হচ্ছে। এর আগে ২০২৩ সালের ৯ নভেম্বর প্রকল্পটির সংশোধিত প্রস্তাব অনুমোদন করেছিল একনেক।