উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ বুধবার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল–২। রায় ঘোষণার কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পোশাকে ও সাদা পোশাকে সবসময় কঠোর নিরাপত্তা থাকে। আজ হয়তো দৃশ্যমান নিরাপত্তা বেশি দেখা গেছে, তবে কড়া নিরাপত্তা সবসময়ই বজায় থাকে। ককটেল বিস্ফোরণের বিষয়টিকে তারা আমলে নিচ্ছেন না বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।