উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে এই অভিযানে ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এর ফলে পথচারীদের চলাচলের পথ সুগম হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানিয়েছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে সিটি করপোরেশনের এই নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।