উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কংক্রিটের ঢাকা শহরে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে ‘আকাশ নীড়’। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
‘আকাশ নীড়’ প্রকল্পের আওতায় ৫৮ প্রজাতির মোট ৪১৮টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে ৩০ প্রজাতির ২২৯টি ফুলের গাছ, ১৪ প্রজাতির ৪১টি ফলের গাছ এবং ১১ প্রজাতির ৪৪টি অর্নামেন্টাল গাছ রয়েছে। পাখিদের জন্য এখানে তৈরি করা হয়েছে জলাধার, পাখির ঘর, বাঁশের কৃত্রিম ঝোপঝাড় এবং খাবারের সুব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা বলেন, নগরায়ণের ফলে সংকুচিত হওয়া সবুজ এলাকা ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকর। তিনি ব্যক্তিগত ও বেসরকারি পর্যায়েও এ ধরনের ছাদ বাগান করার আহ্বান জানান, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, এটি কেবল একটি বাগান নয়, বরং পাখির নিরাপদ আবাসস্থল তৈরির একটি অর্থবহ প্রয়াস। ব্যস্ত নগরীর কোলাহল থেকে দূরে মানুষের প্রশান্তির জন্য এখানে নান্দনিক বিশ্রামস্থলও রাখা হয়েছে, যা প্রকৃতি ও মানুষের সম্পর্ককে আরও নিবিড় করবে।