উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৭ সালের হজ ব্যবস্থাপনার প্রস্তুতি হিসেবে তিনটি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের কোটা বরাদ্দ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কাছে পাঠানো হয়েছে।
বরাদ্দ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর ৫০ শতাংশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। আগামী ৬ থেকে ১১ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরের পর হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানা যাবে।
এয়ারলাইন্সগুলোকে জেদ্দা বিমানবন্দর দিয়ে ৮০ শতাংশ এবং মদিনা বিমানবন্দর দিয়ে ২০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী নির্ধারিত বিমান ভাড়ায় ডেডিকেটেড ফ্লাইটে যাত্রী পরিবহন করতে হবে এবং বিজনেস ক্লাসের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
যাত্রীর মৃত্যু বা অসুস্থতার মতো জরুরি পরিস্থিতিতে টিকিটের অর্থ ফেরতের নিয়মসহ বিভিন্ন কঠোর শর্ত জুড়ে দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বিমানে হজের নিয়মকানুন বিষয়ক ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কোনো এয়ারলাইন্স নির্ধারিত কোটার অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।