উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ তিন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়। আদেশে বদলিকে জনস্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে, অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। একই আদেশে চাঁদপুর জেলার পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসানকে চট্টগ্রাম জেলায় এবং ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি জেলায় বদলি করা হয়েছে।
ওসি জাহাঙ্গীর আলমের এই বদলি ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়েছে। ঠিকাদারি সমিতির বিরোধের জেরে বিএনপির নেতাসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার এক দিনের মাথায় এই আদেশ আসে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।