উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর থেকে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হওয়ার পর মিথিলা নামের ওই শিক্ষার্থী আর ফেরেনি। এ ঘটনায় তার পরিবার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবারের অভিযোগ, জিডি করার পরপরই অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মিথিলাকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। টাকা না দিলে মেয়েকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীর ভাই হৃদয়।
ভুক্তভোগীর বাবা মো. নাসির উদ্দীন জানান, তিনি হৃদরোগে আক্রান্ত এবং মেয়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলেও টাকা কোথায় দিতে হবে, তা এখনো জানায়নি। মিথিলার পরিবারকে বারবার ফোন করে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। জিডির তদন্ত কর্মকর্তা খায়রুল বাশার সাজিদ জানান, অপহরণকারীদের কলটির ফরেনসিক বিশ্লেষণসহ সব ক্লু যাচাই-বাছাই করা হচ্ছে।