উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেট্রোরেলের পিলারে ফাটল ও বিয়ারিং প্যাডের ত্রুটির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কোনো ধরনের গাফিলতি, অবহেলা বা দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার একনেক সভা শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, এমআরটি লাইন-৬ এর বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেবাটিকে দ্রুত নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলাই সরকারের মূল লক্ষ্য। এছাড়া মানসম্মত সেবা নিশ্চিত করতে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কমপ্লায়েন্সের আওতায় আনা হবে।
মাটির নিচের কাজের ফলে কোনো স্থাপনায় ফাটল বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দায় নিতে হবে। প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি পরবর্তী তিন বছর সব মেরামতের দায়িত্বও ওই প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।
প্রকল্পের খরচ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তির মান বাড়াতে নতুন কিছু বিষয় সংযোজন করায় ব্যয় কিছুটা বেড়েছে। এছাড়া সব প্রকল্পে প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে সরকার প্রাতিষ্ঠানিক ও নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে।