উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব জানান, বাংলাদেশে দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং বর্তমান সরকার সংসদীয় কমিটিগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দিচ্ছে।
জ্বালানি সংকটের টেকসই সমাধানে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়াও ইইউ বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, শ্রম আইন, শ্রমিকদের কল্যাণ এবং তৈরি পোশাক খাতে শিশু শ্রম নিষিদ্ধকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের উপ-প্রধান বাইবা জারিনা এবং বাণিজ্য উপদেষ্টা আবু সাইদ বেলাল উপস্থিত ছিলেন। উভয় পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতাকে আরও কার্যকর ও লাভজনক করার বিষয়ে একমত পোষণ করেছেন।