উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদ ভবনের সামনে রিকশা থেকে ফেলে শিক্ষিকা রনজিলা পারভীনকে হত্যার ঘটনায় নতুন করে খোকন ও রাজীব মাতব্বর নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, সিসিটিভি ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, মোবাইল ফোন, ব্যবহৃত মোটরসাইকেল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের সংশ্লিষ্টতা এই হত্যাকাণ্ডে পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিবি। র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মোটরসাইকেলের রঙের অমিল থাকায় তাদের সম্পৃক্ততা নাকচ করা হয়েছে।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তার রাজীব ও খোকন পশ্চিম মনিপুর এলাকার বাসিন্দা। ডিবির ভাষ্যমতে, ঘটনার সময় রনজিলার স্বামীর দেওয়া বর্ণনার সঙ্গে খোকনের চেহারার মিল পাওয়া গেছে। ছিনতাইয়ের টাকায় রাজীব ২৫০ সিসির দামি মোটরসাইকেলটি কিনেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।