উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এই ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করবে বলে সভায় জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সভায় বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। তিনি অবৈধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলেদের প্রণোদনা যাতে প্রকৃত মৎস্যজীবীদের কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। তিনি অবৈধভাবে ধরা ইলিশ বাজারজাত ঠেকাতে বরফকল ও আড়ৎগুলোতেও কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।