উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে বায়রা’র সাবেক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
সচিব জানান, শ্রমবাজার চালুর বিষয়টি বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
এ সময় সচিব দালাল ও মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ‘ত্রিপল এ ওভারসিজ’ নামক প্রতিষ্ঠানের অফিস সিলগালা ও জরিমানা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বায়রা’র প্রতিনিধিরা এসময় ৩১২টি এজেন্সিসহ সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট বিলোপ এবং অভিবাসন ব্যয় কমানোর দাবি জানান। শ্রমবাজার চালুর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে মন্ত্রণালয় থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সচিব আশ্বস্ত করেছেন।