উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষই দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করায় ইইউর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন পর্যবেক্ষণ এবং চলমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি বহুপক্ষীয়তাবাদ ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাত এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে। রোহিঙ্গা সংকটে ইইউর মানবিক সহায়তার প্রশংসা করে আসন্ন ইউএনজিএর সাইডলাইনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আগ্রহ প্রকাশ করা হয়।