উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে নতুন করে বিতর্ক না বাড়িয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে মতপার্থক্য থাকলে তা রাজপথে লংমার্চ না করে বরং আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। এতে চলমান জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠন ও কাঙ্ক্ষিত সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও আলোচনার অভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে রাশেদ খান ক্রাইম রিপোর্টারদের ভূমিকার প্রশংসা করেন। অপরাধ দমন ও জনসচেতনতা তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য প্রদানে ক্রাইম রিপোর্টাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে তিনি জানান।