উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাসের সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা যেন আবার সচল হয় এবং বাংলাদেশের অগ্রগতি যেন ধাবমান থাকে, সেটা নিশ্চিত করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতাদের ও গণমাধ্যমের একাংশের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরিয়ে আনা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস গতকাল বাস্তবায়ন থেকে শুরু হয়েছে এবং গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে এবং ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ড. মাহদী আমিন জানান, বর্তমান সরকার কক্সবাজারে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ও ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতে দুপুরের মিল দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।