উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং এতে গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস দেওয়া হয়। দেশের গণতান্ত্রিক ইতিহাসের কথা তুলে ধরে স্পিকার জানান, বাংলাদেশ দীর্ঘসময় ধরে শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে একনায়কতন্ত্র থেকে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা সুগম করেছে। বর্তমান নির্বাচিত সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি এদেশের গণতন্ত্রকে কার্যকর করতে জার্মান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে জার্মানি-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষায় উপকূলীয় এলাকায় নতুন তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং আধুনিক সার কারখানা স্থাপনে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। স্পিকার এ সময় বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানান। সাক্ষাৎ অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।