উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধের জেরে হওয়া এ মামলায় চার বিএনপি নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এলডিপির নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মিছিল এবং বিএনপির শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে পদদলিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
মামলার ঘটনা এবং পুলিশের প্রাথমিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বুধবার ১৬ জুলাই জানান, বিষয়টি ইতোমধ্যেই তার নজরে এসেছে এবং এতে তিনি নিজেও বেশ উদ্বিগ্ন।
ঘটনার পেছনে আসলে কী ঘটেছে এবং পুলিশের প্রাথমিক পদক্ষেপ সঠিক ছিল কি না, তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে।