উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি এই ডানহাতি পেসার। এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
চোটের চিকিৎসার জন্য গত মাসে অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন নাহিদ রানা। দেশে ফেরার পর শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া যা বর্তমানে দেশেই চলছে। প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে আবারও বল হাতে অনুশীলনে ফিরলেও ছোট রানআপে বল করছেন তিনি।
পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি ও টিম ম্যানেজমেন্ট। আসন্ন টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাহিদ রানা ছাড়াও শরিফুল ইসলামের খেলার সম্ভাবনা কম রয়েছে। এই ম্যাচে পেস আক্রমণে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ থাকছেন এবং মুশফিক হাসানের অভিষেক হতে পারে।