উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম ওরফে পিচ্চি জাহিদ হত্যা মামলায় এজাহারনামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আসামিদের মধ্যে মো. আজাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ চুরির ভিডিও ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। গত ৩০ আগস্ট রাতে নতুন হাট এলাকায় আসামিরা জাহিদকে মারধর করে এবং পরবর্তীতে বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় তার ওপর সশস্ত্র হামলা চালায়। দা, কিরিচ ও লোহার রডের আঘাতে ঘটনাস্থলেই জাহিদ নিহত হন এবং তার সঙ্গী ওয়াহিদ আহত হন।
এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম গত ২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে গেলে পুলিশ পাহাড়তলী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।